Apan Desh | আপন দেশ

বিদ্যুতের দাম কমানোর আবেদন পিডিবির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০১, ৪ জুন ২০২৬

বিদ্যুতের দাম কমানোর আবেদন পিডিবির

ফাইল ছবি, আপন দেশ

বিদ্যুতের দাম বৃদ্ধির একদিন পরই প্রথম দুই ধাপে পুরোনো দর বহাল রাখার জন্য আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। নিম্ন আয়ের মানুষের ওপর চাপ কমাতে এ আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার (০৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন দর ঘোষণা করা হয়। যা সোমবার (০১ জুন) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। নতুন দরে লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়।

তবে এ সিদ্ধান্ত ঘোষণার একদিন পরই বৃহস্পতিবার সকালে পরিস্থিতি বদলে যায়। বিপিডিবি আনুষ্ঠানিকভাবে এ দাম পুনর্বিবেচনার আবেদন জমা দেয়।

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, লাইফলাইন এবং প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের দাম বহাল রাখার আবেদন করা হয়েছে। অন্যান্য বিতরণ কম্পানির সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি রিভিউ করা হবে। যেহেতু এতে সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন, তাই এজন্য কোনো গণশুনানির প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন<<>>রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

বিদ্যুৎ বিভাগের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

সাধারণত একটি ছোট বাতি ও একটি ফ্যান সীমিত সময় ব্যবহারের ভিত্তিতে সমাজের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ লাইফলাইন গ্রাহক হিসেবে গণ্য হন। তবে বাস্তবে পরিবারের সদস্য বেশি হলে কিংবা গরমের সময় দীর্ঘক্ষণ ফ্যান চালাতে হলে সহজেই এ সীমা অতিক্রম করে তারা অন্য স্তরে চলে যান এবং বাড়তি খরচের মুখে পড়েন।

২০২৫ সালের জুনের হিসাব অনুযায়ী, দেশে লাইফলাইন গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি ৮৬ লাখ। যার সিংহভাগই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন গ্রামীণ অঞ্চলের দরিদ্র পরিবার। রাজধানী ঢাকায় এ ধরনের গ্রাহকের সংখ্যা তুলনামূলক খুবই কম।

বিশ্লেষকদের মতে, দাম পুনর্বিবেচনা কার্যকর হলে নিম্ন আয়ের মানুষের কিছুটা স্বস্তি মিলতে পারে। বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বার বার সামনে আসে। পুরোনো দাম বহাল রাখলে বিতরণে কম্পানিগুলোর বছরে প্রায় ৭৮১ কোটি টাকা আয় কমতে পারে। তবে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় ও সামাজিক সুরক্ষার বিষয়টি বিবেচনা করলে এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়