ছবি: আপন দেশ
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ঘাতক বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।
জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। এটি আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর বাসটি রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে চলে গেলে আরেকটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে আকাশ পরিবহণের বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন <<>> রাজধানীতে ২ বাসের সংঘর্ষ, নিহত ১
ভাটারা থানার উপপরিদর্শক নেসার উদ্দিন বলেন, নতুন বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে চলে যায়। সেখানে থাকা যাত্রীবাহী বাসে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাসের চালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































