Apan Desh | আপন দেশ

ঈদের আগে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:২৮, ৫ মে ২০২৬

আপডেট: ০০:২৯, ৫ মে ২০২৬

ঈদের আগে রাত ১১টা পর্যন্ত  দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায়ীদের সুবিধা ও বিক্রি বাড়ানোর স্বার্থে সময়সীমা বাড়ানোর এ দাবি জানানো হয়েছে।

সোমবার (০৪ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে পাঠানো এক চিঠিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এ দাবি জানান।

চিঠিতে বলা হয়, ঈদের আগে কেনাকাটার চাপ বেড়ে যাওয়ায় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন, একই সঙ্গে ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।

সমিতির পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার (১০ মে) থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন রাত ১১টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। এর বিনিময়ে ঈদের পর টানা সাত দিন দোকানপাট বন্ধ রাখার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।

চিঠিতে গত ৫ এপ্রিল মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, ওই বৈঠকে ঈদের আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর বিষয়ে আশ্বাস দেয়া হয়েছিল। পাশাপাশি অবৈধ বা অপরিকল্পিত বাণিজ্য মেলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছিল। তবে বরিশালসহ বিভিন্ন জেলায় এখনও বাণিজ্য মেলা চলায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন <<>> রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র হলে এর প্রভাব বাংলাদেশেও পড়ে। এ পরিস্থিতিতে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হলেও বর্তমান সময়সূচি নিয়ে অসন্তোষ রয়ে গেছে।

এ প্রেক্ষাপটে ঈদ সামনে রেখে আবারও সময় বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এখন এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়