Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ৪ মে ২০২৬

আপডেট: ২০:৫৯, ৪ মে ২০২৬

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ছবি : সংগৃহীত

সদ্য ঘোষিত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটি জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা-কাঠালতলি এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

দীর্ঘ আট বছর পর শনিবার (০২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। এর পরদিন রোববার (০৩ মে) সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে তারা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবকে বিষয়টি অবহিত করেন। আন্দোলনকারীরা নতুন কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। 

আরও পড়ুন<<>>বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

সোমবার (০৪ মে) দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদল কোনো সিদ্ধান্ত না জানালে বিকেলে নতুন কমিটির সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতির অবনতি রোধে জেলা ম্যাজিস্ট্রেট বনরূপা-কাঠালতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, মাইকিং করে ১৪৪ ধারার বিষয়টি সবাইকে জানানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বলেন, দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তবে কোনো ধরনের গ্রুপিং নেই। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়