Apan Desh | আপন দেশ

গণপরিবহনে ভাড়া নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২২, ৯ এপ্রিল ২০২৬

গণপরিবহনে ভাড়া নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন সড়কমন্ত্রী

ছবি : আপন দেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা নির্ধারণের পাশাপাশি তা যানবাহনের ভেতরেই ডিজিটাল ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।’

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদে এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শেখ রবিউল আলম বলেন, ‘নতুন এ উদ্যোগের ফলে যাত্রীরা সরাসরি বাসের ভেতরেই ভাড়ার নির্ধারিত হার দেখতে পারবেন, যা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমাতে সহায়ক হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠনের বিধান রয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার সড়কের ধারণক্ষমতা বিবেচনায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে থাকে।’

তিনি বলেন, ‘একই আইনের ধারা অনুযায়ী, সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী, বিআরটিএ ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং গণপরিবহনের দৃশ্যমান স্থানে তা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট মালিক বা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশনা দেয়।’

আরও পড়ুন : ৫ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস

তিনি আরও বলেন, ‘বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান রয়েছে। খুব শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের জন্য সহজে দৃশ্যমান করার ব্যবস্থা নেয়া হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়