Apan Desh | আপন দেশ

দেশে আসছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৭, ৩ এপ্রিল ২০২৬

দেশে আসছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

এসএম তারেক আলী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে বাহরাইনে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ দেশে ফিরছে। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছাবে। এসময় সেখানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তারা মরদেহ গ্রহণ করবেন।

দীর্ঘ আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে অবশেষে তারেক আলীর মরদেহ দেশে আনা হচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছে পরিবার। এতে কিছুটা স্বস্তি ফিরলেও শোক এখনও কাটেনি।

এর আগে বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাহরাইনের রাজধানী মানামায় তার জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে কানু মসজিদে জানাজা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। আরও ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিহত তারেক আলীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। দেশটির একটি শিপইয়ার্ড কোম্পানি ‘দ্রাইডকে’-তে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার মেয়ের নাম তাসনিম তামান্না।

আরও পড়ুন <<>> হামের প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনতে দীর্ঘ সময় লাগায় তারা এক মাসের বেশি অপেক্ষা করেছেন। মরদেহ ফেরার খবরে কিছুটা স্বস্তি এলেও শোকের আবহ এখনো কাটেনি।

দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। পরিবারের তথ্য অনুযায়ী, গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে নিহতের পরিবারের সদস্যরা শুক্রবার সকাল ৯টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মরদেহ দেশে পৌঁছানোর পর শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বৌবাজার এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

নিহতের স্বজন মোশাররফ হোসেন জানান, দীর্ঘ সময় ধরে মরদেহ ফেরার অপেক্ষা তাদের জন্য অত্যন্ত কষ্টের ছিল। তবে প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।

তারেক আলীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করায় পরিবার কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রতি।

উল্লেখ্য, গত ২ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি জাহাজের ওপর ধ্বংসাবশেষ পড়ে তারেক আলী নিহত হন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন। আহতদের একজন চট্টগ্রামের সন্দ্বীপের এবং অন্যজন টাঙ্গাইল জেলার বাসিন্দা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়