ছবি: আপন দেশ
বিমানবন্দরে লাগেজ চুরি এবং প্রবাসী যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৩০ মার্চ) সকালে তারা রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুর্মিটোলা সদর দফতর পরিদর্শন করেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. হুমায়রা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বিমানের রুট নেটওয়ার্ক, বহর সম্প্রসারণ, আর্থিক অগ্রগতি, যাত্রীসেবার মান এবং আসন্ন হজ কার্যক্রম নিয়ে উপস্থাপনা করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানের দক্ষ জনবল ও চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।
সভায় মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের গর্বের প্রতীক। এটিকে আধুনিক, প্রতিযোগিতামূলক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার কাজ করছে।
তিনি লাগেজ চুরির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন। যাত্রীদের সঙ্গে, বিশেষ করে প্রবাসীদের সঙ্গে, কেবিন ক্রুসহ সব কর্মীর পেশাদার ও সম্মানজনক আচরণ নিশ্চিত করার কথাও বলেন।
এছাড়া টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা, আসন খালি থাকা সত্ত্বেও টিকিট না পাওয়ার অভিযোগ তদন্ত করা এবং হজ কার্যক্রম সময়মতো ও নিরাপদভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি। বিমানের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা ও পরিবেশগত মান বজায় রাখার নির্দেশনাও দেন মন্ত্রী।
আরও পড়ুন <<>> মঙ্গলবার নির্ধারণ হবে জ্বালানি তেলের নতুন দাম
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি জানান, চুক্তি সম্পন্ন হলে ২০৩২ সালের মধ্যে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হতে পারে।
এছাড়া ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত বিমানের অপারেশনাল কার্যক্রম পরিচালনার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































