ছবি : আপন দেশ
সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এতে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি নিরসন এবং রমজানে বিদ্যুৎ শ্রেণিতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনসমূহ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যে তিন ঘণ্টা বন্ধ ছিল, তা বাড়িয়ে মোট ছয় ঘণ্টা করা হলো।
অন্যদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ১৫-২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া, ঈদপরবর্তী সময়ে অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
আরও পড়ুন : রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ সিদ্ধান্তের ফলে রমজানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট তৈরি হবে না।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































