ছবি : আপন দেশ
নিজ এলাকায় ফেনী-৩ আসনে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সবধরনের অনিয়ম রুখতে হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে হটলাইন নম্বর চালুর ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেয়া পোস্টে আবদুল আউয়াল মিন্টু লেখেন, দাগনভূঞা-সোনাগাজী এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনোধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন<<>>চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু মির্জা ফখরুলের
মন্ত্রী বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য একটি নম্বরও প্রকাশ করেন মন্ত্রী। একই স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহবান জানান মিন্টু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের অংশ নিয়ে সংসদ সদস্য হয়েই শিল্পপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। মাঝে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রিত্ব জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে এখানকার বাসিন্দারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































