প্রেস সচিব শফিকুল আলম।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা হস্তান্তর নিয়ে তৈরি হওয়া সব ধরনের অস্পষ্টতা দূর করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
প্রেস সচিব স্পষ্টভাবে জানান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনোভাবেই আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না। ১৮০ দিন ক্ষমতা ধরে রাখার বিষয়টি একটি অপপ্রচার, এর কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে আমানত বুঝিয়ে দেয়া।
গত ১৮ মাস অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, দেশের জনগণ তার মূল্যায়ন করবে মন্তব্য করে প্রেস সচিব জানান, সরকার গত ১৮ মাসে ৬৮টি ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার সিংহভাগই বাস্তবায়িত। এ ছাড়া ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে, আরও ১৬টি প্রক্রিয়াধীন রয়েছে।
শফিকুল আলম জানান, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে, যার ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে কমবে।
প্রেস সচিব জানান, আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
সংবাদ সম্মেলনে এ বছর একুশে পদকপ্রাপ্ত ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজ এবং শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদারসহ আরও অনেকে।
প্রেস সচিব আরও জানান, এবারের নির্বাচনী পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি উৎসবমুখর ও শান্তিপূর্ণ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































