সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আজ বুধবার (২৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত বিএনপির অবরোধ শুরু হয়েছে।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে দলটি। এই নিয়ে অষ্টম দফায় অবরোধ ও তৃতীয় দফায় হরতাল আহ্বান করেছে তারা।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তি দাবি এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আজ বুধবার সকাল ছয়টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌ-পথে ২৪ ঘণ্টার অবরোধ এবং একই দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।’
বিএনপি কর্মসূচি ঘোষণার পর জামায়াতে ইসলামীও আলাদাভাবে অবরোধ ও হরতালের অনুরূপ কর্মসূচি দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে অনুরূপ অবরোধ-হরতালের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই দিনেই হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর আগে দলটি সাত দফায় অবরোধ করেছে। সপ্তম দফায় ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হয়।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে শুক্র, শনি ও মঙ্গলবার ছাড়া টানা অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। মাঝখানে ২৯ অক্টোবর এবং ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি দিয়েছিল দলটি।
বিএনপির দেয়া তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের চার-পাঁচ দিন আগে থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ১৭ হাজার ১০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সারা দেশে দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে ৪৩৫টির বেশি মামলা হয়েছে।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































