ছবি: আপন দেশ
দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও সংবাদ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পেশাগত ঐক্য জোরদারের লক্ষ্যে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে আয়োজিত এক সভায় প্রস্তাবিত গঠনতন্ত্র ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারী টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটিতে ডক্টর আব্দুল হাই সিদ্দিককে (প্রধান সম্পাদক ও বার্তা প্রধান, বাংলাভিশন) আহবায়ক এবং সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে (সিইও, সময় টিভি) সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—লোটন একরাম (সম্পাদক, ডিবিসি নিউজ), শফিক আহমেদ (বার্তা প্রধান ও সিওও, ৭১ টিভি), জিয়াউল কবির সুমন (বার্তা প্রধান, বৈশাখী টেলিভিশন), মোস্তফা আকমল (প্রধান বার্তা সম্পাদক, ইনডিপেনডেন্ট টেলিভিশন), মো. ফরহাদুল ইসলাম ফরিদ (নির্বাহী সম্পাদক, চ্যানেল নাইন), গাউসুল আজম বিপু (বার্তা প্রধান, গাজী টিভি), মহি উদ্দিন (বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা, দেশ টিভি)।
আরও পড়ুন<<>>ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি
সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় পর্যায়ের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্লাটফর্ম সময়ের দাবি। টেলিভিশন এডিটরস কাউন্সিল দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ, স্বাধীনতা, নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া সংগঠনটির মাধ্যমে পেশাগত প্রশিক্ষণ, গবেষণা, মতবিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আহবায়ক কমিটি শিগগিরই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে বলে সভায় জানানো হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































