Apan Desh | আপন দেশ

আশা-হতাশা-শঙ্কায় কেমন চলছে বইমেলা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আশা-হতাশা-শঙ্কায় কেমন চলছে বইমেলা

ছবি: আপন দেশ

ফাল্গুনের আবহে শুরু হয়েছে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মেলার তৃতীয় দিন। সময়সূচি নিয়ে অনিশ্চয়তা কাটলেও শেষ মুহূর্তেও চলছে বই ছাপানোর প্রস্তুতি। তবে সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার ছাপাখানায় কাজের চাপ কিছুটা কম।

শুরুর দিকে বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়। পরে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েও প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির মতবিরোধ দেখা দেয়। কয়েক দফা বৈঠকের পর আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

প্রকাশকরা জানান, সময় পরিবর্তন ও অর্থনৈতিক চাপের কারণে এবারের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। তবুও নতুন বই প্রকাশে চেষ্টা অব্যাহত রয়েছে। এক প্রকাশক বলেন, সীমিত প্রস্তুতি নিয়েই মেলায় অংশ নিচ্ছি। পাঠকের চাহিদা বিবেচনায় রেখে নতুন বই প্রকাশের কাজ চলছে।

রমজান মাসে মেলা শুরু হওয়ায় অনেক প্রকাশকের মধ্যে কিছুটা সংশয় রয়েছে। তাদের ধারণা, রোজা ও ধর্মীয় ব্যস্ততার কারণে পাঠক উপস্থিতি কমতে পারে। বাতিঘর প্রকাশনীর প্রকাশক জানান, রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মেলায় আসা কমে যেতে পারে। তবে সরকারের আগ্রহ থাকায় প্রকাশকরাও অংশগ্রহণে এগিয়ে এসেছেন।

আরও পড়ুন <<>>অবশেষে মোহন রায়হানকে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার দেয়ার সিদ্ধান্ত

প্রকাশকদের মতে, এবারের বইমেলায় রাজনৈতিক প্রেক্ষাপটভিত্তিক বইয়ের সংখ্যা বেশি থাকবে। পাশাপাশি মতাদর্শ, রাষ্ট্রচিন্তা ও গণতন্ত্র নিয়ে প্রবন্ধ ও গবেষণাধর্মী বই প্রকাশ পাচ্ছে বেশি। তারা বলছেন, ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও এবার লেখকরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে বই প্রকাশ করতে পারছেন।

প্রকাশকদের ভাষ্য, লেখালেখিতে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে। লেখক ও প্রকাশকরা স্বাধীনভাবে কাজ করছেন। অতীতে অন্তর্বর্তী সরকারের সময়ে মবের আশঙ্কা থাকলেও নির্বাচিত সরকারের পর পরিস্থিতি উন্নত হবে বলে তারা আশা করছেন।

অন্যদিকে ছাপাখানাগুলোতে আগের মতো ব্যস্ততা দেখা যাচ্ছে না। শ্রমিকদের দাবি, সাধারণত এক থেকে দুই মাস আগে থেকেই বইমেলার কাজের চাপ বাড়ে। কিন্তু এবার শেষ সময়েও কাজ তুলনামূলক কম।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়