Apan Desh | আপন দেশ

অপ্রস্তুত প্রকাশকদের নিয়ে বইমেলা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

অপ্রস্তুত প্রকাশকদের নিয়ে বইমেলা

ছবি: ফাইল ছবি

নানা জটিলতা ও প্রস্তুতি সংকট কাটিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা ২০২৬। তবে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে। ফলে অনেক প্রতিষ্ঠানের স্টল প্রথম দিকে প্রস্তুত থাকার সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান করা হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫। 

এবারের বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

বাংলা একাডেমি জানিয়েছে, এবার বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। পুরো মেলায় মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানে গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটলম্যাগ স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এবারের বইমেলাকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেলা প্রাঙ্গণ থাকবে পলিথিন ও ধূমপানমুক্ত। পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পানি ছিটানো, মশকনিধন কার্যক্রম এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণ—পাট, কাপড় ও কাগজ ব্যবহারের আহবান জানানো হয়েছে।

মেলার বিন্যাস আগের বছরের মতো থাকলেও কিছু পরিবর্তন আনা হয়েছে। মেট্রোরেল স্টেশনের অবস্থানের কারণে বাহিরপথ মন্দির গেটের কাছাকাছি স্থানান্তর করা হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে থাকবে চারটি প্রবেশ ও বাহির পথ।

পবিত্র রমজান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুসল্লিদের জন্য তারাবিহ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রসাধনকক্ষ ও অন্যান্য সেবা অব্যাহত থাকবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালু থাকবে শিশুচত্বর, যেখানে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট অংশ নেবে।

আরও পড়ুন <<>> শরিফুল সোহানের দুটি ছড়া

প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিষয়ভিত্তিক সেমিনার এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এবার বইমেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার এবং নতুন সংযোজন হিসেবে সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার।

রমজান মাসে মেলা আয়োজনের সময়সূচি নিয়ে আপত্তি জানানো প্রায় ৩৫০ প্রকাশক শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে মেলায় অংশ নিচ্ছেন। সিদ্ধান্ত অনুযায়ী এবার কোনো প্রকাশক প্যাভেলিয়ন পাচ্ছেন না। স্টল বরাদ্দ পাওয়ার পর শেষ মুহূর্ত পর্যন্ত চলছে সাজসজ্জার কাজ, ফলে অনেক প্রতিষ্ঠানের স্টল প্রথম দিনেও প্রস্তুত নাও থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়