Apan Desh | আপন দেশ

শরিফুল সোহানের দুটি ছড়া

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:০২, ৯ জুন ২০২৬

শরিফুল সোহানের দুটি ছড়া

ছবি: আপন দেশ

কবি ও ছড়াকার শরিফুল সোহানের দুটি ছড়া।

প্রজাপতি

ফুল পাতা নদী আর আকাশেতে উড়িয়া,
আমি এক প্রজাপতি দেখি সব ঘুরিয়া।
সবুজের মাঠে মাঠে কৃষকের গানেতে,
উড়ে উড়ে দোলা দেই সকলের পানেতে।

আমি যেন ফুলপরি নাচি গাই ধিনধিন,
আকাশের রং ধরি সপ্তাহে তিন দিন।
কষ্টের কিছু নেই আমার এই মনেতে,
তাই উড়ি সারাদিন লোকালয় ও বনেতে।

খাই দাই গান করি হাসি খেলি এই তো,
সকলের মাঝে থাকি কোনো মানা নেই তো।
ভালোবাসা পাই শুধু খুশি হয় ছোঁয়াতে,
আমি এক প্রজাপতি তোমাদের দোয়াতে।


সব রয়েছে ওই গাঁয়েতে

অনেক দিন হাঁটিনি পথে কোমল দুর্বা ঘাসে
যেখানে গরু, রাখাল ছেলে প্রতিদিন ছুটে আসে।
যেখানে পড়ে শিশির কণা
দস্যি কোনো মুক্তমনা; একটি বালক ছুটে
ধুলার মাঝে কিশোরগুলো সুখের সময় লুটে।

হয়নি বলে সময় শুধু যাইনি বাঁশের সাঁকো
কোথায় তারা হারিয়ে গেলো পোনা মাছের ঝাঁকও?
কোথায় গেলো পাড়ার ছেলে
দুষ্টু পাখি পাখনা মেলে- কই গেলো সব উড়ে
আজকে দেখি পিছন ফিরে আমরা অনেক দূরে।

চাদেঁর বুড়ি রূপকথারা ঘুমপাড়ানির গানে
কোথায় পিঠা সকাল রোদে ধান কাটা অঘ্রাণে?
এখন আছে স্মৃতির ধুধু
বুক পকেটে একটু শুধু; সুখের সময় আঁকা
সব রয়েছে ওই গাঁয়েতে শূন্যতাতেই ঢাকা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়