ছবি : সংগৃহীত
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে তিব্বতের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার পর এবার নতুন করে সেখানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার (২৮ আগস্ট) ভোরেরাতে উত্তর তিব্বতে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র বুধবার ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলোর কয়েক শত মাইল উত্তরে অবস্থিত। এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পের পাশাপাশি তিব্বতে বন্যা পরিস্থিতি নিয়েও সতর্ক রয়েছে চীন। একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়ায় দেশটি বন্যা মোকাবিলায় চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে।
আরও পড়ুন<<>>ভূমিকম্প নয়, হিমবাহ ধসেই নেপালের ভয়াবহ বন্যা: ইউএসজিএস
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদটির পানির উচ্চতা এবং সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়।
পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ দলও পাঠানো হয়েছে গিরং কাউন্টিতে। ফলে ভূমিকম্পের পাশাপাশি সম্ভাব্য হ্রদের বাঁধ ভেঙে বন্যার আশঙ্কাও তিব্বতের পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পের কথা জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও এ তথ্য নিশ্চিত করে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































