ফাইল ছবি
রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। যত্রতত্র থুতু, পানের পিক, ময়লা বা প্লাস্টিক বর্জ্য ফেললে গুনতে হবে জরিমানা। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে।
রোববার (০৭ জুন) উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পাল বলেন, রাস্তা বা জনসমাগমস্থলে ময়লা ও পানের পিক ফেলা যাবে না। প্লাস্টিক বর্জ্যও যত্রতত্র ফেলা নিষিদ্ধ থাকবে। নাগরিকদের সচেতন করতে এবং অভ্যাস পরিবর্তনের সুযোগ দিতে প্রথম তিন মাস প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এরপরও কেউ নিয়ম অমান্য করলে তাকে জরিমানার মুখোমুখি হতে হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা শপিং মল বা অন্যান্য জায়গায় শৃঙ্খলা মেনে চলি, কিন্তু রাস্তায় নামলেই কেন সে আচরণ বদলে যায়?
সরকার জানিয়েছে, শহর পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে ‘স্বচ্ছ’ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে। কোথাও ময়লা-আবর্জনা দেখা গেলে সাধারণ মানুষ ছবি তুলে অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট পুরসভা দ্রুত ব্যবস্থা নিয়ে স্থানটি পরিষ্কার করবে এবং অভিযোগকারীকে বিষয়টি জানাবে।
বর্তমান আইনে রাস্তায় থুতু ফেললে ৫০০ রুপি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে এ আইন অতীতে কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন <<>> যুদ্ধবিরতি ভাঙতে চাইছে ইসরায়েল, অভিযোগ হামাসের
শুক্রবার (০৫ জুন) শহরগুলোকে আবর্জনামুক্ত রাখতে পুর ও নগরোন্নয়ন দফতর ২৪ দফা নির্দেশনা জারি করে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা যাবে না। প্রথম তিন মাস সচেতনতামূলক প্রচার চালানো হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই খোলা ট্রাকে বর্জ্য পরিবহন করা যাবে না। মন্দিরের ফুলসহ যেকোনো বর্জ্য নির্ধারিত স্থানের বাইরে ফেলা নিষিদ্ধ। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
রাজ্যের ১১৯টি পুরসভা, সাতটি পুরনিগম এবং দুটি নোটিফায়েড এরিয়া অথরিটির আওতায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































