ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ হামলায় দেশটির সামরিক বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেনসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (০৬ জুন) সামরিক একটি গাড়িতে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ এলাকার কাফার তেবনিত ও খারদালি এলাকার মধ্যবর্তী সড়কে সামরিক বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিন সেনাসদস্য নিহত হন।
নিহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ও ক্যাপ্টেন পদমর্যাদার দুই কর্মকর্তা এবং একজন সৈনিক রয়েছেন। লেবাননের সশস্ত্র বাহিনী এ ঘটনাকে ‘আক্রমণাত্মক ও বর্বর অভিযান’ বলে আখ্যায়িত করেছে।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার শিকার গাড়িটি সন্দেহজনকভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল। একই এলাকায় গোলাগুলির খবরও পাওয়া গেছে বলে দাবি করেছে তারা।
গত মার্চ মাস থেকে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সংগঠনটি মূলত দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, শনিবার যে গাড়িতে হামলা চালানো হয়েছে সেটি একটি সরাসরি সংঘাতপূর্ণ এবং খালি করে দেয়া যুদ্ধক্ষেত্র অতিক্রম করছিল। তাদের ধারণা, ওই এলাকা থেকে হিজবুল্লাহ তাদের কার্যক্রম পরিচালনা করে।
আরও পড়ুন <<>> দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, ওই অঞ্চলে চলাচলের ক্ষেত্রে তাদের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা ছিল। একই সঙ্গে তারা দাবি করে, তাদের অভিযান লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং হিজবুল্লাহকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।
এদিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
বৃহস্পতিবার (০৪ জুন) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আঞ্চলিক সংঘাতে যুদ্ধবিরতি মেনে নেয়ার অন্যতম শর্ত ছিল লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের জনগণের ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি অধিকৃত এলাকা খালি করে আন্তর্জাতিক সীমান্তের পেছনে সরে যেতে হবে এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দিতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































