কে অন্নামালাই ও নরেন্দ্র মোদি। ছবি: সংগ্রহীত
তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির অন্যতম পরিচিত মুখ কে অন্নামালাই দল থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (০৫ জুন) এক বিবৃতিতে বিজেপি জানায়, দলের জাতীয় সভাপতি নীতিন নবীন অন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মঙ্গলবার (০২ জুন) নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে অন্নামালাই দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। পরে তিনি অমিত শাহ এবং বি এল সন্তোষের সঙ্গেও বৈঠক করেন। দলীয় শীর্ষ নেতৃত্ব তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানালেও শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকেন।
দলীয় সূত্র অনুযায়ী, পর্দার আড়ালে একাধিক দফা আলোচনা হলেও সমঝোতা হয়নি। এমনকি বর্তমান তামিলনাড়ু বিজেপি সভাপতি নৈনার নাগেন্দ্রনকেও দিল্লিতে ডেকে বৈঠক করা হয়। তবু অন্নামালাইয়ের সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি।
নিজের পদত্যাগপত্রে অন্নামালাই লিখেছেন, জাতীয় রাজনৈতিক দলগুলো তামিলনাড়ুর মানুষের ভাষা ও অনুভূতি যথাযথভাবে তুলে ধরতে পারেনি। তিনি সে বাস্তবতা বদলানোর চেষ্টা করেছিলেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও কিছু সাফল্য অর্জন করেছেন।
তিনি আরও জানান, গত প্রায় ১৮ মাস ধরে বিভিন্ন বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার মতপার্থক্য ছিল। শেষ পর্যন্ত সে মতপার্থক্যই তাকে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
সাবেক ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কর্মকর্তা অন্নামালাই নতুন রাজনৈতিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেও অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন <<>> হাদী হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে অভিযোগ
নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত অন্নামালাই ২০২০ সালে সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি রাজ্য সহ-সভাপতি এবং পরে রাজ্য সভাপতি হন। মাত্র ৩৭ বছর বয়সে তামিলনাড়ু বিজেপির নেতৃত্ব পাওয়ার কারণে তিনি জাতীয় পর্যায়েও আলোচনায় আসেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সঙ্গে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝাগমের সম্ভাব্য জোট প্রশ্নে অন্নামালাইয়ের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব বাড়তে থাকে। তিনি এককভাবে নির্বাচনে লড়ে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পক্ষে ছিলেন। তবে দলীয় নেতৃত্ব জোটভিত্তিক কৌশলকে অগ্রাধিকার দেয়। সে মতবিরোধই শেষ পর্যন্ত তার দলত্যাগের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































