Apan Desh | আপন দেশ

হরমুজ খুলতে ট্রাম্পের ‘মুখরক্ষার’ চেষ্টাও ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ৭ মে ২০২৬

আপডেট: ১৯:৫৩, ৭ মে ২০২৬

হরমুজ খুলতে ট্রাম্পের ‘মুখরক্ষার’ চেষ্টাও ব্যর্থ

ছবি সংগৃহীত

বলপ্রয়োগ করেও পুনরায় হরমুজ প্রণালি চালু করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বের অন্যতম পরাশক্তি হয়েও ইরানের কাছে নাস্তানাবুদ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মুখরক্ষার’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন এক কূটনৈতিক বিশ্লেষক।

ইরানের রাজধানী তেহরানভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফল স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে এমন একটি চুক্তির করতে মরিয়া হয়েছেন, যা তাকে আমেরিকান জনগণের কাছে ‘মুখ রক্ষা’ করতে সক্ষম করবে।

তেহরান হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে প্রণালিটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে, যা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক চাপের মুখে ফেলেছে। ইরানি এ বিশ্লেষকের মতে, চলমান অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন কোনো চুক্তির ইঙ্গিত তিনি দেখছেন না।

তিনি বলেন, চীন যাওয়ার আগে ট্রাম্প কিছু একটা অর্জন করার আশা করছিলেন। কিন্তু তিনি বলপ্রয়োগ করে হরমুজ প্রণালি পুনরায় খুলতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলি লবিস্টরা তাকে বুঝিয়েছিল যে, যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে ইরান পিছু হটবে। আত্মসমর্পণ করবে। কিন্তু ইরান আত্মসমর্পণ করেনি। আগামী কয়েক লাখ বছরেও তা করবে না।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি আলোচনায় বসলেও তা ভেস্তে গেছে। তবে কোনো পক্ষই পূর্ণাঙ্গ সংঘাতে ফিরতে চায় না। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই এমন একটি চুক্তিতে পৌঁছাতে চায়, যেখানে তাদের নিজ নিজ জনগণের কাছে ‘বিজয়’ তুলে ধরার সুযোগ থাকবে বলে মনে করেন কিংস কলেজ লন্ডনের ভিজিটিং লেকচারার সামির পুরি।

তিনি বলেন, একটি সমাধানের জন্য ‘সংঘাত মধ্যস্থতার কৌশল’ প্রয়োজন; তাই, এক্ষেত্রে পাকিস্তানিদের একটি বড় ভূমিকা পালন করতে হবে।

এ বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জেসিপিওএ-এর (যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা) মতো একটি চুক্তি এড়াতে চাইছে। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে যথেষ্ট পদক্ষেপ না নেয়ার জন্য ট্রাম্প ‘কঠোরভাবে সমালোচনা’ করেছিলেন।

অন্যদিকে, ইরান হরমুজ প্রণালির ওপর কিছুটা কর্তৃত্ব বজায় রাখতে চাইছে। পুরি বলেন, এটি একটি জটিল সমীকরণ, যা উভয়পক্ষকেই নিজেদের কিছুটা সাফল্য অর্জনের অনুভূতি দেবে। সূত্র: আলজাজিরা

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়