ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ ও জলপথটি উন্মুক্ত করতে হবে। অন্যথায় ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা বা সামরিক ব্যবস্থার হুমকি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর যৌথভাবে উত্থাপিত এ প্রস্তাবের একটি অনুলিপি পেয়েছে বার্তা সংস্থা এপি’র।
খসড়া প্রস্তাবে দাবি জানানো হয়েছে, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে তথাকথিত ‘অবৈধ টোল’ আদায় বন্ধ করতে হবে। এ ছাড়া অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে সমুদ্রে কোথায় কোথায় মাইন স্থাপন করা হয়েছে, তা ইরানকে প্রকাশ করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে তেহরান। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও ইরান এ জলপথটি উন্মুক্ত করেনি। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে।
আরও পড়ুন<<>>শেষ হচ্ছে ইরান যুদ্ধ
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার অভিযান শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এ অভিযানে যুক্তরাষ্ট্রের গোলাবর্ষণে ইরানের বেশ কিছু ছোট নৌকা ডুবে যায়। এর জবাবে উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। তবে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানিয়েছেন, এ উত্তেজনার পরও যুদ্ধবিরতি ‘এখনও শেষ হয়ে যায়নি’। এছাড়া আলোচনায় অগ্রগতি হচ্ছে দাবি করেন তিনি। হরমুজে নৌযানকে পাহারা দেয়ার অভিযানের সমাপ্তিও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে হরমুজ প্রণালী উন্মুক্ত করার একটি প্রস্তাব চীন ও রাশিয়ার ভেটোর কারণে বাতিল হয়ে গিয়েছিল। তবে এবারের প্রস্তাবটি জাতিসংঘ সনদের অধ্যায় ৭-এর অধীনে তৈরি করা হয়েছে। এর অর্থ হলো, প্রস্তাবটি যদি পাস হয় এবং ইরান যদি তা অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা যাবে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন এ নতুন ও সুনির্দিষ্ট প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রয়োজনীয় সমর্থন পাবে এবং ইরানের মিত্র দেশগুলো এবার ভেটো দেবে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































