ছবি: সংগৃহীত
ইউক্রেনজুড়ে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাতভর রাশিয়া দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০৭টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ৯৬টি ড্রোন ভূপাতিত করা হলেও ক্ষেপণাস্ত্র দুটি এবং অন্তত ১০টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নয়টি স্থানে আঘাত হানে।
দোনেৎস্ক অঞ্চলে হামলায় ওলেক্সিয়েভো-দ্রুজখিভকা গ্রামে দুইজন এবং মিখাইলিভকা গ্রামে একজন নিহত হন। এ অঞ্চলে আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ভাদিম ফিলাশকিন।
ওডেসা অঞ্চলে আবাসিক ভবন ও একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। এতে এক দম্পতি নিহত এবং অন্তত ১৪ জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান গভর্নর ওলেহ কিপার।
ড্রোন হামলায় অন্তত তিনটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই শিশুসহ ৩৬ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন ম্যাক্রোঁ
জাপোরিঝিয়া অঞ্চলের দুই জেলায় হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সামরিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
খেরসন শহরসহ ৩০টি বসতিতে হামলায় সাতজন আহত হন। একই দিনে সকালে আরও তিনটি ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের কেউ রাস্তায় হাঁটছিলেন, কেউ যানবাহনে চলাচল করছিলেন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে দুই দফা হামলায় দুইজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওলেক্সান্দর হানঝা।
খারকিভ অঞ্চলের কোজাচা লোপান গ্রামে একজন আহত হয়েছেন বলে জানান গভর্নর ওলেহ সিনাইহুবভ। মিকোলাইভ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৪৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ভিতালি কিম।
এছাড়া সুমি অঞ্চলের ত্রোস্তিয়ানেৎস এলাকায় হামলায় ৫৬ বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































