Apan Desh | আপন দেশ

ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২১, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:২৫, ১৩ এপ্রিল ২০২৬

ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ বৈঠকটি কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে উভয় পক্ষ আবারও নতুন দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে। নতুন বৈঠকের সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি।

রোববার (১২ এপ্রিল) রাতে জিও নিউজ–এর অনুষ্ঠান ‘নয়া পাকিস্তান’-এ এ তথ্য জানান জ্যেষ্ঠ বিশ্লেষক ও সাংবাদিক হামিদ মির। উপস্থাপক শেহজাদ ইকবালের সঙ্গে আলোচনায় তিনি বলেন, এক বা দুই বৈঠকে বড় কোনো সমাধান না আসায় এটিকে পুরোপুরি ব্যর্থ বলা যাচ্ছে না।

উভয় পক্ষের সূত্রের বরাতে তিনি জানান, দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে নিজ নিজ নেতৃত্বের সঙ্গে পরামর্শের প্রয়োজন রয়েছে।

হামিদ মিরের ভাষ্য অনুযায়ী, বৈঠকের শেষ পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ–এর সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিষয়গুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ইসলামাবাদের বৈঠকে চূড়ান্ত সমাধান না এলেও উভয় পক্ষ আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। পরবর্তী বৈঠকের সময় ও স্থান পরে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন <<>> হরমুজ প্রণালি অবরোধে অসম্মতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতির বিষয়ে তিনি জানান, বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য পরোক্ষ যোগাযোগ চলছে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, কূটনীতি কখনোই শেষ হয় না। তার এ বক্তব্যে বোঝা যাচ্ছে, বর্তমান সংকট নিরসনে তেহরান এখনো আলোচনায় আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানা যায়নি।

উল্লেখ্য, পাঁচ সপ্তাহের সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই সংঘাত নিরসনে ইসলামাবাদে এ উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা আলোচনা শেষ হয় রোববার সকালে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়