Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের লিউইস্টনে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪, ২৬ অক্টোবর ২০২৩

আপডেট: ১৩:২১, ২৬ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রের লিউইস্টনে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের লিউইস্টনে একাধিক স্থানে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। সিএনএনের বরাতে রয়টার্স খবরটি প্রকাশ করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, একটি বার ও ওয়ালমার্টের ডিস্ট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও এখন পর্যন্ত এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় পুলিশ দফতর জানায়, এখনো ‘সন্দেহভাজন’ একজন হামলাকারী পলাতক রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে অসমর্থিত সূত্রে বলা হয়েছে, এ হামলার সঙ্গে অন্তত দুজন জড়িত।

হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তের কাজ চলাকালীন সেখানকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশের পাশাপাশি হামলার ঘটনা খতিয়ে দেখছে মেইন অঙ্গরাজ্যের পুলিশও।

পৃথক এক ফেসবুক পোস্টে তারা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘অনুগ্রহ করে বাড়ির ভেতরে অবস্থান করুন। সন্দেহজনক কার্যকলাপ কিংবা এ ধরনের কাউকে চোখে পড়লেই অনুগ্রহ করে ৯১১-এ (জরুরি সেবা নম্বর বা হটলাইন) জানিয়ে দিন।’

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বোস্টন কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে হামলার তদন্তে যেকোনো সহায়তা করতে প্রস্তুত রয়েছে তারা।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অবগত করা হয়েছে।

সর্বশেষ হামলাকারী সন্দেহভাজন এক বন্দুকধারীর পরিচয় জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রবার্ট কার্ড। তিনি এখনো পলাতক রয়েছেন।

ফেসবুকের এক পোস্টে মেইনের পুলিশ বিভাগ জানিয়েছে, রবার্টের জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। বন্দুক হামলার ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

রবার্টকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ উল্লেখ করে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও একটি গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন ব্যক্তিকে রাইফেল হাতে গুলি করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়