ফাইল ছবি
শোবিজ তারকাদের জন্য মারাত্মক বিপদজনক হয়ে উঠেছে এআই। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআই দিয়ে বিকৃত কনটেন্টে ছেয়ে যাচ্ছে অন্তর্জাল। এ নিয়ে অনেক তারকাই সরব হচ্ছেন, ব্যবস্থাও নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
নিজের ডিজিটাল স্বত্বা সুরক্ষার আবেদন করেছেন দিল্লি হাইকোর্টে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। এ সময় ব্যক্তিস্বত্বার অধিকার নিয়ে আইনি প্রশ্নগুলোর বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দিতে কৃতির আইনজীবীদের নির্দেশ দেন আদালত।
অভিনেত্রীর আইনজীবীদের জমা দেয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত আদেশ দেয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ অক্টোবর।
আরও পড়ুন<<>>অজয় দেবগনের বাংলো গুঁড়িয়ে দিলো ভারত সরকার
তারকাদের নাম ও ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ব্যবহারের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট, ডিপফেক, ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা এখন হরহামেশাই ঘটছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতে মামলা হচ্ছে। কৃতির আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা নিয়েছেন আদালত থেকে।
কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমার গল্পের দুর্বলতা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সিনেমায় কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































