ঞ্চিতা উগলে। ছবি: সংগৃহীত
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’। এর অভিনেত্রী সঞ্চিতা উগলের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা। মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর মাত্র ১৮ ঘণ্টা আগেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিখুশি একটি ভিডিও পোস্ট করেছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, সঞ্চিতার মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
শনিবার (১৩ জুন) মৃত্যুর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন সঞ্চিতা।
সেখানে তাকে প্রাণবন্ত একটি গানের সঙ্গে নাচতে এবং হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভক্তদের সঙ্গে যোগাযোগও ছিল তার। কিন্তু সে পোস্টের মাত্র ১৮ ঘণ্টা পরই সামনে আসে তার মৃত্যুর খবর।
এরপর থেকেই অভিনেত্রীর শেষ পোস্টে ভিড় করছেন অনুরাগীরা। শোক প্রকাশের পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলছেন, কী এমন ঘটেছিল যে এত অল্প সময়ের ব্যবধানে সবকিছু বদলে গেল।
ছোটপর্দার পরিচিত মুখ সঞ্চিতা উগলে ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা। ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাওয়া’–তে তারাবাই চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। তাই তার আকস্মিক মৃত্যু আরও বেশি বিস্মিত করেছে ভক্তদের।
আরও পড়ুন <<>> হেলিকপ্টারের সংঘর্ষে সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত
বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে অতীতে সরব ছিলেন সঞ্চিতা নিজেই। গত বছর এক সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবকের মৃত্যুর পর তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকৃতি পাওয়ার প্রবণতা অনেকের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তরুণদের মধ্যে আত্মঘাতী চিন্তার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেছিলেন এ অভিনেত্রী।
উল্লেখ্য, সঞ্চিতার মৃত্যুর খবর সামনে এসেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পূর্তির দিনে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের মরদেহ। ছোটপর্দা থেকে অভিনয়জীবন শুরু করা এই অভিনেতার মৃত্যু নিয়েও দীর্ঘদিন আলোচনা ও বিতর্ক চলেছিল।
এদিকে সঞ্চিতা উগলের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে। তার মৃত্যু ঘিরে রহস্যের জট কাটাতে এখন তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও সহকর্মীরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































