ছবি: সংগৃহীত
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এ চমক দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি সবচেয়ে বেশি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থান তৈরি করেছে। এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা বিজয়।
নির্বাচনের এ সাফল্যের পর চলচ্চিত্র জগতের বিভিন্ন তারকা সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বলিউড অভিনেতা টাইগার শ্রফ এক্সে লিখেছেন, বিজয়কে অভিনন্দন। আপনার প্রতি মানুষের বিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক। নতুন অধ্যায়ের জন্য আরও শক্তি কামনা করছি।
মালয়ালম অভিনেতা অজু ভার্গিস বলেন, ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে। তেলুগু তারকা নানি তার পোস্টে উল্লেখ করেন, শুরুতে সন্দেহ থাকলেও পরে জয় এসেছে। আন্ডারডগের জয় সবসময়ই বিশেষ। তামিলনাড়ুর মানুষের জন্য ভালো কিছুই আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজয়ের ঘনিষ্ঠ বন্ধু ও তামিল অভিনেতা শ্রিমান আবেগঘন বার্তায় বলেন, জনতার রায়ই সর্বোচ্চ রায়। তিনি দাবি করেন, অনেক আগে থেকেই জানতেন তার বন্ধু একদিন বড় নেতৃত্বে আসবেন এবং মানুষের জন্য কাজ করবেন।
আরও পড়ুন <<>> মারা গেছেন বলিউড অভিনেতা সুদেশ কুমার
প্রাথমিক ফলাফলে দেখা গেছে, পেরাম্বুর ও তিরুচি ইস্টসহ বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। ফলে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ভোট গণনা এখনো চলছে, তবু প্রথম অংশগ্রহণেই দলের এ পারফরম্যান্স সারা দেশে নজর কেড়েছে।
অন্যদিকে বিজয়ের অভিনয়জীবনও আলোচনায় রয়েছে। তার সর্বশেষ সিনেমা ‘জনা নায়কন’ মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতা ও অনলাইনে ফাঁসের কারণে মুক্তি পিছিয়ে গেছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও প্রকাশ রাজসহ আরও অনেকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































