Apan Desh | আপন দেশ

আজ বিশ্ব থিয়েটার দিবস 

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৪, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১০:৪৬, ২৭ মার্চ ২০২৬

আজ বিশ্ব থিয়েটার দিবস 

আজ বিশ্ব থিয়েটার দিবস। বিশ্বের নাট্যকর্মী ও শিল্পীদের মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে প্রতিবছর ২৭ মার্চ এ দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও উদ্‌যাপন করা হয় দিবসটি।

১৯৬১ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নবম কংগ্রেসে বিশ্ব থিয়েটার দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরের বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব নেশন্স উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতি বছর বিশ্ব নাট্য দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের সব দেশের নাট্যকর্মীদের মধ্যে ঐক্য স্থাপন, সম্প্র্রীতি, উদ্দীপনা সৃষ্টি এবং এর মাধ্যমে নাটকের উন্নয়ন সাধন করা। বিভিন্ন দেশে বিদ্যমান ইন্টারন্যাশন্যাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) স্থানীয় কেন্দ্রগুলো প্রধানত এ দিবস পালনে কর্মসূচি গ্রহণ করে।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালিত হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এবারও। বিশ্ব নাট্য দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবস নিয়েও নানা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ মঞ্চায়ন ও সম্মাননার আয়োজন করা হয়েছে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী-শান্তিপ্রত্যাশী দেশ-বিদেশে প্রশংসিত ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। 

শেষ পর্বে এ বছর শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) প্রাপ্তিতে রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের নাট্যজন কামরুজ্জামান বালার্ককে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। অতিথি হিসেবে সম্মাননা তুলে দেবেন জাপানের টোকিওস্থ কাহাল গ্যালারির চেয়ারম্যান চিত্রশিল্পী কামরুল হাসান লিপু।

আরও পড়ুন<<>>বাসডুবির ঘটনায় প্রচার হবে না ব্যাচেলর পয়েন্ট

নাটকটিতে অভিনয়ে রয়েছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, শিশির সিকদার, সামাদ ভূঞা, শাখাওয়াত শ্যামল, জেবুন নেসা, সুমাইয়া শিশির, সোনালী রহমান, অর্ক অপু, অনিন্দ্য অন্তরিক্ষ, জাহিদ রিপন প্রমুখ। এ দিন প্রযোজনাটির ১২৮তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

এছাড়া শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ব নাট্য দিবস পালন করছে নাট্যদল বটতলা। বেহালা বাদন দিয়ে শুরু হবে নাট্যদল বটতলার আয়োজন। বেহালায় দেশাত্মবোধক গান পরিবেশন করবে সুর নিবেদন সংগীত একাডেমি, শিশুশিল্পী মুনত্বাহা কামরান দৃবেলা ও কাজী সোহানা ইসলাম ছোঁয়া। 

এরপর পাপেট শো পরিবেশন করবে কাকতাড়–য়া পাপেট থিয়েটার। পাপেট শোতে দেখানো হবে বটতলার শিশু বিভাগের শিল্পীদের অভিনীত দুটি নাটক ‘ফাংসাং’ এবং ‘গালিভারস ট্রাভেলস’। সাদিকা রুমন রচিত ফাংসাং ছোটদের একটি রূপকথার গল্প। এটি প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব, কল্পনা এবং জাদুর পাখির গল্প দিয়ে এক অদ্ভুত ও আনন্দদায়ক জগতের রূপরেখা তুলে ধরে। 

অন্যদিকে শাম্মী আক্তারের নাট্যরূপে গালিভারস ট্রাভেলস নাটকের গল্পে দেখা যাবে, ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে গল্পের বই ধার নিয়েছে শিশুরা। ‘গালিভারস ট্রাভেলস’ আর ‘সুলতানার স্বপ্ন’ পড়ে তাদেরও অ্যাডভেঞ্চারের স্বপ্ন জাগে। সে স্বপ্নযাত্রারই গল্প সাজিয়েছে কিশোর বাহিনী, তাদের দলে গালিভার নাম ধারণ করে তিন বন্ধু। এরপর শুরু হয় আনন্দসফর। বটতলার পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব নাট্যদিবসে শিশুদের প্রতি এ অকুণ্ঠ সমর্থন হোক আগামীর কোনো নন্দিত নাট্য অভিনেতার প্রতি আমাদের অলক্ষ্য বিনিয়োগ। আর স্বাধীনতার আকাক্সক্ষার সুরটিও মিলে যাক একই রেখায়! প্রাণে প্রাণ মেলাবই, উৎসবে, শিশুদের মিলিত কলরবে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সূত্রে জানা যায়, ১৯৮২ সাল থেকে বাংলাদেশে বিশেষ মর্যাদায় এই দিনটি উদ্‌যাপিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ কেন্দ্র), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ পথনাটক পরিষদ সম্মিলিতভাবে এ দিবসটি উদ্‌যাপন করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়