Apan Desh | আপন দেশ

মোবাইল নেটওয়ার্ক গ্রামে বাড়ানোর তাগিদ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:০৯, ১৯ আগস্ট ২০২৬

মোবাইল নেটওয়ার্ক গ্রামে বাড়ানোর তাগিদ মন্ত্রীর

ছবি: আপন দেশ

টেলিযোগাযোগ সেবার সুফল সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শহরের পাশাপাশি গ্রামাঞ্চল ও দুর্গম পাহাড়ি এলাকাতেও সেবার মান উন্নত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহবান জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) রবি আজিয়াটা লিমিটেডের ঢাকা ও আশপাশের এলাকার নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

ফকির মাহবুব আনাম বলেন, সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো জনবান্ধব পদক্ষেপ নেয়া হয়েছে। এসব উদ্যোগের সুফল যেন সাধারণ গ্রাহকেরা পান, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কল ড্রপ ও ডেটা প্যাকেজের মেয়াদসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকদের আরও সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।

রবি জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে আগের তুলনায় ডেটা ব্যবহারের গতি ২০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ভয়েস কলের স্বচ্ছতাও ২০ শতাংশ উন্নত হয়েছে। প্রকল্পের আওতায় বৃহত্তর ঢাকা, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রায় ৩ হাজার ৩০০টি সাইট আধুনিকায়ন করা হয়েছে। 

এতে ‘গিগাগ্রিন’ ৫ জি-রেডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রবির দাবি, এ প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বর্তমানে দেশের ৯৮ দশমিক ৯৪ শতাংশ জনগোষ্ঠী রবির ৪জি নেটওয়ার্কের আওতায় রয়েছে।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ডিজিটাল সংযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। নেটওয়ার্কের দক্ষতা ও সেবার মান বাড়াতে নিয়ন্ত্রক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

টাওয়ারের বিকিরণ নিয়ে মানুষের মধ্যে থাকা ভুল ধারণা ও গুজব দূর করতেও সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন <<>> বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামুলক অবসর

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশে ডিজিটাল বৈষম্য কমাতে স্মার্টফোনের ব্যবহার বাড়ানো জরুরি।

তার দেয়া তথ্য অনুযায়ী, এখনো দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। এ জনগোষ্ঠীকে স্মার্টফোনের আওতায় আনতে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। 

উপ‌দেষ্টা বলেন, স্থানীয় উৎপাদকদের সঙ্গে আলোচনা করে ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার চেষ্টা চলছে। স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা দিতে কিস্তি বা ইএমআই সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।

রবি জানিয়েছে, ২০২০ সাল থেকে নেটওয়ার্ক সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ১ হাজার ৩০১ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। বর্তমানে রবির গ্রাহকসংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখ।

প্রতিষ্ঠানটির আশা, নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে গ্রাহকের ভিডিও স্ট্রিমিং, গেমিং, অনলাইন শিক্ষা ও অন্যান্য ডিজিটাল সেবার অভিজ্ঞতা আরও উন্নত হবে। সরকারের সংশ্লিষ্ট দফতর, নিয়ন্ত্রক সংস্থা ও টেলিযোগাযোগ অপারেটরগুলোর সমন্বিত উদ্যোগে উন্নত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। 

আপন দেশ/মিম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়