ছবি: আপন দেশ
রাজশাহী সফরকালে মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কারাবন্দি বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর দুই কন্যা।
এ ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কারাবন্দি বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রাসিক প্রশাসক।
বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তার দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় রাসিক প্রশাসক তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে কারাবন্দি নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন<<>>হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
এ বিষয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারাবন্দি নেতার কারাগারে আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বিএনপি নেতার কন্যা জারিন তাসনিম রাহি বলেন, প্রধানমন্ত্রী আমাকে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন ও তাকে দায়িত্ব দিয়েছেন। প্রশাসক মহোদয় বাবার মুক্তি পাওয়া পর্যন্ত তাকে যতটা সম্ভব ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ইতোমধ্যে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও কথা দিয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































