ছবি: আপন দেশ
অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি দীর্ঘদিন যাবৎ রক্তশূন্যতায় ভুগছেন।
অসুস্থতাবোধ করায় বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন। তার শরীরে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও যোগ দেন তিনি। বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
ভূমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে যান রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































