Apan Desh | আপন দেশ

শিশিরে ভেজা হেমন্তের সকাল যেন শীতের আগমনী বার্তা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৬, ২১ অক্টোবর ২০২৬

শিশিরে ভেজা হেমন্তের সকাল যেন শীতের আগমনী বার্তা

ছবি : আপন দেশ

হেমন্তের শুভ্রতা ও নান্দনিক পালা বদলের ছোঁয়া কালীগঞ্জের প্রাণ প্রকৃতিতে পৌছে দিচ্ছে শীতের আগমনী বার্তা। কুয়াশার ফিনফিনে ঘোমটা টেনে এল হেমন্ত। যেন আলো লাগলেই ঘুম ভেঙ্গে যায়।

শিউলিঝরা তারাভরা রাতে হেমন্ত প্রকৃতি লুটিয়ে পড়ে হলুদ ধানের খেতে। অফুরন্ত লাবণ্য আর স্নিগ্ধতার আঁচল বিছিয়ে বিদায় নিয়েছে শরৎ। এসেছে সেই ঋতু, যার পদধ্বনি বড় শান্ত, কিন্তু যার স্পর্শে প্রকৃতি পায় পরিপূর্ণতার সোনারং প্রিয় হেমন্ত। কার্তিকের প্রথম সপ্তাহে হেমন্তের আগমনী বার্তা নিয়ে কুয়াশার নরম ঘোমটা উঠেছে প্রকৃতির মুখে।

বাংলার চিরায়ত ছয় ঋতুর মধ্যে হেমন্ত যেন শরৎ আর শীতের মাঝে এক সেতুবন্ধন। ধান খেতের মাঝে সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকরা। কিছু দিন গেলেই পাকতে শুরু করবে আমন ধান। গ্রামীন জনপদে হেমন্তেই যেন শুরু হয়ে গেছে শীতের আমেজ। সন্ধ্যার পর শুরু হয়ে রাতভর ঝরছে হালকা কুয়াশা। সে কুয়াশা থাকছে সকাল আটটা-নটা অবধি। রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। 

আরও পড়ুন<<>>রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তীর বসিন্দা স্কুল শিক্ষক কাজী কেরামত (৫৪) বলেন, প্রায়সই  সকালে হাঁটতে বের হই। কয়দিন যাবৎ ভোরে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। মনে হচ্ছে শীত নেমে এসেছে। রাজধানী ঢাকার আশে-পাশের জেলা ও থানা শহরের বাতাসেও এখন হেমন্তের মিষ্টি আবেশ ছড়িয়ে পড়েছে।

হেমন্তের ভোরের বাতাস জানান দিচ্ছে তার শীতল স্পর্শ। সকালবেলায় ঘাসের ডগায়, শিউলি ফুলের পাপড়িতে জমে থাকা শিশিরকণা মুক্তার মতো ঝিকমিক করে ওঠে সূর্যের সোনালি আভায়। গ্রামের পুকুর ও নদীর ঘাটে নেমে শিশুরা খেলা করে, কেউ জল ছিটিয়ে হাসে, কেউ শাপলা ছিঁড়ে আনে। দেখা যায় দূরে কাকের কা কা ডাক ও কাশফুলের দোলা।

হেমন্ত ঋতু আমাদের বলে, জীবন বড় সুন্দর, জীবন রঙিন আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক অপার সম্ভাবনা। হেমন্তের এ নরম আলোয়, শীতল হাওয়ায় আমরা যেন নিজেকে খুঁজে পাই নতুন করে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়