ছবি: আপন দেশ
দু’দিন কর্মসূচি বন্ধ রাখার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে ফের সড়ক অবরোধকর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বার্তায় জানানো হয়- ৪৮ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়াসহ সাজেকবাসীর ৩দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। এ জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ পালন করবে সংগঠন দু’টি।
এদিকে চলতি মাস থেকে পর্যটন মৌসুম শুরু হয়েছে। আসন্ন দুর্গাপূজায় বন্ধের দিনগুলোতে পর্যটকের ঢল নামবে সাজেকে। যে কারণে সাজেকের হোটেল-মোটেল মালিকরা পর্যটন বরণে পূর্ব প্রস্তুতি সেরে রেখেছে। কিন্তু এ সময়ে হঠাৎ করে সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক কেন্দ্রিক পর্যটন ব্যবসায়ী এবং সঙ্গে যুক্ত স্থানীয় বাসিন্দারাও মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক ও পর্যটন এলাকা উন্মুক্ত করে দেয়ার জোরালো দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপল চত্ত্বর এলাকায় এব্যাপারে মানববন্ধন করেছেন সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতি, চান্দের গাড়ি (জিপ) চালক সমিতি ও স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
আরও পড়ুন<<>>সাজেকে পর্যটক ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
বারবার সাজেক বন্ধ রাখার সিদ্ধান্তে চরম উদ্বেগ প্রকাশ করে পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা বলছেন, সাজেক মূলত পর্যটনির্ভর এলাকা। সেখানকার পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষের রুটি-রুজির প্রধান উৎস এ পর্যটন। দফায় দফায় সড়ক অবরোধ ও পর্যটন বন্ধ থাকায় রিসোর্টগুলোর বুকিং বাতিল হচ্ছে। পর্যটক না থাকায় রেস্তোরাঁ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসাগুলো বড় ধরনের লোকসানের সম্মুখীন হচ্ছে।
সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, পর্যটন মৌসুম বা ছুটির দিনগুলোতে সাজেক বন্ধ থাকলে পুরো অঞ্চলের অর্থনীতি ভেঙে পড়ে। আমরা চাই সাজেক এবং পর্যটন খাতকে যেকোনো রাজনৈতিক বা আঞ্চলিক অবরোধ ও কর্মসূচির আওতামুক্ত রাখা হোক। আটকে পড়া ও আসতে ইচ্ছুক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত সাজেক সড়ক খুলে দেয়া প্রয়োজন।
এর আগে সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দিতে এবং সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রর্দশনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে রোববার (১১ অক্টোবর) সকার ৬টা থেকে সাজেকে সড়ক অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন।
উল্লেখ্য,সাজেক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অধ্যুষিত অঞ্চল। সংগঠন দু’টি ইউপিডিএফ সমর্থিত সংগঠন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































