Apan Desh | আপন দেশ

পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২২, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও

ছবি : আপন দেশ

ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের তিন লাখ টাকা নিয়ে এক কর্মচারী উধাও হয়েছেন। তিনি মাস্টার রোলের কর্মচারী আনোয়ার হোসেন। এ ঘটনায় উৎকণ্ঠায় পড়েছেন কলেজের ৯১ শিক্ষার্থী।

আগস্টের ৪ তারিখ থেকে ওই কর্মচারী কলেজে আসাও বন্ধ করে দিয়েছেন। তবে এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ইংরেজি বিভাগের অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয়ার জন্য ৯১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। ফরম পূরণ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি চার হাজার ৯৩৯ টাকা করে সর্বমোট চার লাখ ৪৯ হাজার ৪৪৯ টাকা আদায় করেন আনোয়ার হোসেন।

এর মধ্যে এক লাখ ৫৩ হাজার ৪৪৯ টাকা কলেজের পাওনা মিটান তিনি। অবশিষ্ট দুই লাখ ৯৬ হাজার টাকা রহস্যজনক কারণে কলেজের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে কলেজের নথি কিংবা ব্যাংক হিসাবে ওই টাকার কোনো জমার প্রমাণ পাওয়া যায়নি।

ফলে অর্থ আত্মসাতের বিষয়টি সংশ্লিষ্টদের কাছে স্পষ্ট হলে কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. শামীন আকতার গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ফরম পূরণ বাবদ সংগৃহীত টাকা জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে মাস্টার রোলে কর্মরত কর্মচারী আনোয়ার হোসেন টাকা ব্যাংকে জমা দেয়ার বিষয়ে মৌখিকভাবে দাবি করেন। কিন্তু হিসাব মেলানোর তাগিদ দেয়ার পর গত ৪ আগস্ট থেকে তিনি কলেজে আসা বন্ধ করে দিয়েছেন। তার দায়িত্বও কাউকে হস্তান্তর করেননি।

এছাড়াও ইংরেজি বিভাগের গোপনীয় নথিপত্র, আবেদন ফরম ও রেজিস্টার খাতা তার জিম্মায় থাকায় সেগুলো গোপন বা অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগী পরীক্ষার্থী রেজাউল করিম, শাহেদ আলী, শামীমা ইয়াসমিন ও গোপাল চন্দ্র সরকার বলেন, তারা শুনেছেন কলেজের ইংরেজি বিভাগের কর্মচারী আনোয়ার হোসেন তাদের ফরম পূরণের টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছেন। বিষয়টি জানার পর থেকে তারা পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তাদের ইংরেজি (অনার্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন <<>> ‘রুমিন ফারহানার চেহেরায় হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়’

অভিযুক্ত আনোয়ার হোসেনকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আহসান হাবীব। তিনি বলেন, কর্মচারী টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই। যথানিয়মে সব শিক্ষার্থীর ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তারা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে পারবে।

তিনি আরও বলেন, কলেজের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের টাকার মধ্যে দুই লাখ ৯৬ হাজার টাকা নিয়ে আনোয়ার হোসেন গত ৪ আগস্ট থেকে উধাও রয়েছেন। এ কারণে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch