Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে সাংবাদিকদের এআই-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে সাংবাদিকদের এআই-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

ছবি: আপন দেশ

রাঙামাটিতে সাংবাদিকদের জন্য  তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়কপ্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল ( অব.) অনুপ কুমার চাকমা।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

সোমবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে বুধবার (০৯ সেপ্টেম্বর) পর্যন্ত। রাঙামাটির ৩৫ জন পেশাধার সংবাদকর্মী এ কর্মশালায় অংশ নেন।

প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে রয়েছেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

প্রশিক্ষণের প্রথম দিনে নিবন্ধন ও পরিচিতি পর্বের পর এআই কী এবং সাংবাদিকতায় এআই-এর ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, গুগল ট্রেন্ডিং, গুগল ট্রেন্ডস টুল এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এসব সেশনে এআই প্রযুক্তির ধারণা, ব্যবহারিক প্রয়োগ ও সাংবাদিকতার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। 

আরও পড়ুন<<>>পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনে মৃত্যু

দ্বিতীয় দিনে রয়েছে রিক্যাপিং, নোটবুক এলএম, ডেটা বিশ্লেষণ ও কনটেন্ট তৈরি, ছবি, অডিও, কনটেন্ট তৈরি,  ভিডিও এবং গুগল এআই স্টুডিও ব্যবহার ও পডকাস্ট তৈরি বিষয়ক সেশন। একই দিনে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে রিপোর্টিং নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে।

তৃতীয় দিনের প্রশিক্ষণে সাংবাদিকদের জন্য ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং ধারণা, তথ্য ও গণমাধ্যম স্বাক্ষরতা, ফ্যাক্ট চেকিং: ছবি ও ভিডিও যাচাই এবং ফ্যাক্ট চেকিং: এআই ও ডিপফেক বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের প্রশিক্ষণ শেষ হবে।

প্রশিক্ষণের উদ্দেশ্য হিসেবে রাঙামাটি জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় ও যুগোপযোগী ধারণা দেয়া, সমসাময়িক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ চিহ্নিত ও তা মোকাবিলার উপায় সম্পর্কে অবহিত করা। একই সঙ্গে এআই ও ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা ও মানসম্পন্ন প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়ানো এবং এআই ও ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল ( অব.) অনুপ কুমার চাকমা বলেন, আজকের প্রশিক্ষণটা অনেক গুরুত্বপূর্ণ। এআই যেমন তথ্য দিতে গুরুত্বপূর্ণ ভাবে সহযোগিতা করে, তেমনি এর অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। রিপোর্ট করার সময় সত্য তথ্য দিচ্ছেন কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি মনে করি সাংবাদিকতার নিয়ম-নীতি অনুযায়ী সঠিক তথ্য দিতে হবে। সাংবাদিকরা যেন পেশাদারিত্ব নিয়ে সংবাদ পরিবেশন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ। এসময় ইউনেস্কোর বাংলাদেশের ঢাকার মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সাল।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, আরিফুল ইসলাম আরমান, এসএস আলম আরেফিনসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা দায়িত্ব পালন করছেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়