Apan Desh | আপন দেশ

পেট্রোল ঢেলে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৬

পেট্রোল ঢেলে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। আগুন লাগানোর অভিযোগে সোহেল নামের ওই যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবী, স্থানীয় রফিক উল্যার ছেলে সোহেল মাদকাসক্ত। ভোরে তিনি নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন দেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশাপাশি থাকা ১১টি বসতঘর ও ছয়টি দোকানে আগুন ধরে যায়।

আগুনে ঘরবাড়ি ও দোকানের টিন, আসবাবপত্র, ব্যবসায়িক মালামালসহ বিভিন্ন জিনিস পুঁড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করেন। ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক বলেন, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ মালামাল পুঁড়ে গেছে। দোকানের পেছনের বসতঘরটিও পুরোপুরি পুঁড়ে যায়। তার অভিযোগ, ওই ঘরে থাকা সোহেলই আগুন লাগিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সোহেল দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। তার আগুন দেয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করছেন। তবে অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে এখনো পুলিশি তদন্ত শেষ হয়নি।

আরও পড়ুন<<>>বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল তিনজনের

রায়পুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৯৯৯-এর মাধ্যমে তারা আগুন লাগার খবর পান। পরে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পুঁড়ে যাওয়া ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুঁড়ে যাওয়ায় অনেক পরিবার সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়