ছবি: আপন দেশ
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এতে আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। পরে জরুরি মেরামত শেষে ওই রেলপথে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ওই সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।
আরও পড়ুন<<>>রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ বলেন, সকালে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত ওই অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে গতি স্বাভাবিক করা হবে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































