Apan Desh | আপন দেশ

শ্রমিক নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১০

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ২৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৩৫, ২৭ আগস্ট ২০২৬

শ্রমিক নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১০

ছবি: আপন দেশ

দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানার প্রধান গেটে বাসের ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বাস আড়াআড়ি করে রেখে তাদের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সকল রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার সময় বাসা থেকে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরপরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করে রেখেছেন।

বিক্ষোভকারীরা জানান, ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা।

এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা। তবে বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানায়, তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। 

আরও পড়ুন<<>>রংপুরের হত্যাকণ্ডে ধর্ষণের আলামত মেলেনি, সবাইকে শ্বাসরোধেই হত্যা

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষে বিভক্ত হয়ে যান বিক্ষুব্ধ শ্রমিকেরা। এক পক্ষের শ্রমিকেরা গ্রেফতার শেখ বাদশার পক্ষে বিক্ষোভ করছেন। অন্য পক্ষে আরেক শ্রমিক নেতা মো. হিরুর অনুসারী। হিরুর পক্ষে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদেরও দেখা যায়। দুপুর ১২টার দিকে থানার প্রধান ফটকের বাইরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে চারজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছেন। শ্রমিকরা এ সময় চিৎকার করে বলতে থাকেন, ক্ষমতাসীন দলের কতিপয় ব্যক্তিরা এ হামলা চালিয়েছেন।

থানার ভেতরে অবস্থান করছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফরহাদ হোসেনসহ (প্লাবন)সহ নেতা-কর্মীরা। অন্যদিকে থানার প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়েছেন শেখ বাদশার অনুসারীরা।

এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার (২৬ আগস্ট) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও কোনো সুরাহা হয়নি।

এদিকে দিনাজপুর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তি দাবি করেছেন। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

অপরদিকে কোতয়ালী থানার গেট বাস-ট্রাকের ব্যারিকেড দিয়ে রাখায় থানা থেকে পুলিশ বের হতে ও ঢুকতেও পারছে না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়