Apan Desh | আপন দেশ

সাঁওতাল হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ৯ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৫২, ৯ আগস্ট ২০২৬

সাঁওতাল হত্যা বিচারের দাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। সমাবেশ থেকে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় তিন সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার, অভিযুক্তদের গ্রেফতার, ভূমি দখল বন্ধ এবং বাপ-দাদার জমি রক্ষার দাবি জানানো হয়েছে।

রোববার (০৯ আগস্ট) ‘আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ প্রতিপাদ্যে সারাদেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে সাঁওতাল নারী-পুরুষরা তীর-ধনুক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রসহ অধিকার ও দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। তাদের সঙ্গে বাঙালিরাও সংহতি জানিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, কাপেং ফাউন্ডেশন, এএলআরডি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী উন্নয়ন সংস্থা ঘোড়াঘাট ও গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়।

সমাবেশে বক্তারা বলেন, তিন সাঁওতাল হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার এক দশক পেরিয়ে গেলেও বিচার হয়নি। তারা সাঁওতাল হত্যার মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন<<>> আইনজীবী জামাতার বিরুদ্ধে শ্বশুরের মানববন্ধন

বক্তারা আরও অভিযোগ করেন, স্বপন শেখ ও আতাউর রহমান সাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা নতুন করে সাঁওতালদের মারধর, ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘর ও কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ভাঙচুর এবং জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

এতে সাঁওতালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও দাবি করেন তারা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেন মুরমু, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাফায়েল হাসদা, যুগ্ম সাধারণ সম্পাদক বিটিশ সরেন, গোলাম রব্বানী মুসা, জাহাঙ্গীর কবীর তনু, মোর্শেদ হাসান দীপন, আনিছুর রহমান মইনুল, অঞ্জলি মুরমু ও তৃষ্ণা মুরমু প্রমুখ।

সমাবেশে বক্তারা ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানান।

তারা বলেন, সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মানবাধিকার, ভূমির অধিকার ও জীবনমানের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে আসছে। তাদের অধিকার নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের দাবি জানান বক্তারা।

পরে মনোজ্ঞ আদিবাসী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়