Apan Desh | আপন দেশ

আইনজীবী জামাতার বিরুদ্ধে শ্বশুরের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪২, ৯ আগস্ট ২০২৬

আইনজীবী জামাতার বিরুদ্ধে শ্বশুরের মানববন্ধন

ছবি: আপন দেশ

পঞ্চগড়ে আইনজীবী জামাতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, জমি বিক্রিতে বাধা ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এক বৃদ্ধ দম্পতি।

রোববার (০৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় আদালতের সামনে মহাসড়কের পাশে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ভুক্তভোগী খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান, তাদের দুই মেয়ে নাঈমা ইয়াসমিন ও চিকিৎসক নাফিয়া ইয়াসমিন এবং স্বজন এ এস এম মোস্তফা সারওয়ার বাবু বক্তব্য দেন।

বক্তারা জানান, পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা খায়রুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। চার মেয়ের মধ্যে দ্বিতীয় নাসিমা ইয়াসমিনকে পরিবারের অমতে ১৯৯৮ সালে বিয়ে করেন পঞ্চগড়ের আইনজীবী হাসান সারওয়ার হেনরি। ২০০৮ সাল পর্যন্ত পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে তারা সম্পর্কটি মেনে নেন।

খায়রুল আলমের পরিবারের অভিযোগ, এরপর হেনরি আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করেন। এসব মামলার মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্বশুর-শাশুড়িকে হয়রানি করা হচ্ছে। মামলার অজুহাতে তাদের কাছ থেকে প্রতি মাসে বড় অঙ্কের টাকা নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা জানান, চিকিৎসার খরচ জোগাতে খায়রুল আলম ও তার স্ত্রী পঞ্চগড়ের কায়েতপাড়া এলাকায় নিজেদের ৪৪ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। জমিটি বায়নামা রেজিস্ট্রির প্রস্তুতি নেয়ার সময় হেনরি তাতে বাধা দেন বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন<<>> আদিবাসী দিবসে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

তাদের অভিযোগ, ওই জমি নিয়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে হয়রানিমূলক মামলা করা হয়েছে। একই সঙ্গে আদালত থেকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ নেয়া হয়েছে।

এছাড়া জমির খাজনা দিতে প্রয়োজনীয় দাখিলা না দেয়ার জন্য সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়েও অভিযোগ করা হয়েছে।

এ কারণে জমি বিক্রি করতে না পারায় চিকিৎসার খরচ জোগাতে পারছেন না বৃদ্ধ দম্পতি। বাধ্য হয়ে তারা জামাতার হয়রানির প্রতিবাদে রাস্তায় নেমেছেন বলে জানান।

এ ঘটনায় তারা আইনজীবী সমিতির কাছেও হাসান সারওয়ার হেনরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে হেনরির ভাই এ এস এম মোস্তফা সারওয়ার বাবুও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, হেনরি আমার প্রয়াত মাকে চড় মেরেছিল। মাকে নির্যাতন করে ৬ শতক জমিসহ বাড়ি লিখে নিয়েছে। আমার বিরুদ্ধেও সে হয়রানিমূলক মামলা করেছে।

খায়রুল আলম বলেন, হেনরি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছেন। বৃদ্ধ বয়সে চিকিৎসার খরচ জোগাতে জমি বিক্রি করতে চাচ্ছি। সেখানেও ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে হয়রানি করা হচ্ছে। তিনি আমার সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

খায়রুল আলমের দুই মেয়ে নাঈমা ইয়াসমিন ও চিকিৎসক নাফিয়া ইয়াসমিন বলেন, হেনরি আমাদের বাবার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। শেষ বয়সে চিকিৎসার জন্য তাদের জমি বিক্রিতেও বাধা দিতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী হাসান সারওয়ার হেনরি। তিনি বলেন, আমাকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়