Apan Desh | আপন দেশ

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫০, ২১ জুলাই ২০২৬

আপডেট: ১৮:০৯, ২১ জুলাই ২০২৬

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

ছবি: আপন দেশ

রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভায় সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিবাদ স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছেন।

বোরবার (১৯ জুলাই) বেলা ১১টায় সুলতানগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত এ উন্নয়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে 'এলিজা এন্টারপ্রাইজ'। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ড্রেন, সড়ক ও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সড়কটির কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। অথচ এ বিষয়ে তদারকি করার ক্ষেত্রে পৌরসভার ভূমিকা নাই বললেই চলে।

অলকার মোড় এলাকার আরেক বাসিন্দা আবুল কাশেম বলেন, এ নতুন রাস্তার চেয়ে আমাদের আগের সড়কটাই অনেক ভালো ছিল। সিডিউল অনুযায়ী যেভাবে বালি ও ইটের খোয়া দেয়ার কথা, ঠিকাদার সেটি দিচ্ছেন না। বালির পরিবর্তে শুধু মাটি আর অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে। এভাবে কাজ হলে প্রথম বর্ষাতেই রাস্তাটি ভেঙে যাবে।

নিম্নমানের সামগ্রী দেয়ায় টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে এলাকাবাসী সম্মিলিতভাবে কাজে বাধা দিয়েছেন বলেও জানান তিনি।

সড়ক নির্মাণে অনিয়ম ও স্থানীয়দের বাধার বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, উক্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় জনগণের বাধা দেয়া ও ক্ষোভ প্রকাশ করা সম্পূর্ণ যৌক্তিক।

তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঠিকাদারকে নিয়ম মেনে মানসম্মত কাজ করার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। নিয়মের বাইরে কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না।

পৌরবাসীর দাবি, দ্রুত এ নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে।

আপন দেশ/এসএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement