ছবি: আপন দেশ
কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারেন এ জন্য কাজ করে যাচ্ছে তারেক রহমানের সরকার। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষি ঋণ মওকুফ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে, কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।
কৃষকদের নিয়ে জিয়াউর রহমানের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খাদ্য সংকট মোকাবেলা করার লক্ষ্যে বহু মাত্রিক কৃষি উৎপাদন পদ্ধতি প্রচলন করেন। ১৯৭৮-৭৯ সালে রাষ্ট্রনায়ক হিসেবে তিনিই প্রথম ব্যাংকিং ব্যবস্থার আওতায় সল্প সুদে বিনা জামানতে কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন। ১০০ কোটি টাকার সল্প মেয়াদী কৃষি শস্য উৎপাদন তহবিল গঠন করেন তিনি।
আরও পড়ুন<<>>ঢাকায় যাতায়াতে লেগুনাই একমাত্র বাহন, ভোগান্তিতে কালীগঞ্জের মানুষ
তিনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সালে এ খাতে ঋণের প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি পায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি কৃষকদের বিভিন্ন খাতে নেয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত খেলাপি কৃষি ঋণ সম্পূর্ন মওকুফ করেছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলে তিনি প্রতিটি বাড়ি হবে ক্ষুদ্র খামার এ বিবেচনায় বিনা জামানতে গৃহপালিত পশু, হাঁস মুরগী, মাছ ইত্যাদি খাতে কৃষি ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করেন।
পরে প্রতিমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে বোদা উপজেলার পাঁচ হাজার ৮৯০ জন কৃষকের আট কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফসহ হাতে সনদপত্র তুলে দেন। পরে প্রতিজনকে পাঁচটি করে ফলজ, বনজসহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বোদা উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, পৌর বিএনপির সভাপতিসহ বোদা উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে কৃষক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। কৃষকদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































