ছবি: আপন দেশ
গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি সদস্য পরিচয়ে ডলার ছিনতাইয়ের চেষ্টা ঘটেছে। এ অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিল।
এসময় ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে তারা খবর পান, স্থানীয় জনতা সিআইডি পরিচয় দেয়া তিন ব্যক্তিকে আটক করে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে রেখেছে। পরে ডিবি পুলিশ সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন বরগুনার তালতলী উপজেলার মো. নাঈম (২০), রাকিবুল ইসলাম (১৮) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শেখ শাদিউল ইসলাম (২০)।
বর্তমানে তারা ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
তাদের ব্যবহৃত ব্যাগ থেকে একটি ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি বাওফেং ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশ লেখা একটি মাস্ক, সাত জোড়া গ্লাভস, সার্জিক্যাল ব্লেড, সোয়াব কটন, স্ট্যাম্প প্যাড, পোশাক ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েক মাস আগে কথিত এক ডলার ব্যবসায়ী চক্রের সদস্য ইয়াছিনের মাধ্যমে তাদের পরিচয় হয় ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা মো. কাদের ওরফে সুকটুর সঙ্গে।
অভিযোগ রয়েছে, সুকটু কম দামে বিদেশি ডলার বিক্রির প্রলোভন দেখান। প্রথম দফায় পরীক্ষামূলকভাবে দেয়া কিছু ডলার ঢাকায় ভাঙিয়ে আসামিরা সেগুলো আসল বলে নিশ্চিত হয়। এরপর তারা সিআইডি পরিচয়ে অভিযান পরিচালনার অভিনয় করে ডলারভর্তি ব্যাগ নিয়ে পালানোর পরিকল্পনা করে।
আরও পড়ুন <<>> সাতকানিয়ার বন্যাদুর্গতদের পাশে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই রাত ১টার দিকে তারা সুকটুর বাড়িতে গিয়ে নিজেদের সিআইডি সদস্য পরিচয় দেয়। ডলারভর্তি ব্যাগ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।
তবে তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যায়। পরে ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ১৭ জুলাই সাদুল্লাপুর থানায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কথিত ডলার ব্যবসায়ী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































