Apan Desh | আপন দেশ

সাতকানিয়ার বন্যাদুর্গতদের পাশে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩১, ১৭ জুলাই ২০২৬

সাতকানিয়ার বন্যাদুর্গতদের পাশে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

ছবি : আপন দেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি মানবতার ফ্রি অন্ন-বস্ত্র বিতরণ ক্যাম্প করে। যার মাধ্যমে ত্রাণ ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালীসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত অসহায় ও সম্বলহীন মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সাতকানিয়া পৌরসভাসহ বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জনস্বাস্থ্য সুরক্ষা, বাসস্থান পুনরুদ্ধার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত কৃষির পুনর্বাসন, বাড়িঘর পরিষ্কার, রোগবালাই প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংগঠনটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বৈদ্যুতিক লাইন মেরামতের উদ্যোগও নেয়া হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তা ও স্থানীয় উদ্যোগের সঙ্গে সমন্বয় করে ভেঙে যাওয়া সড়কগুলো যতটুকু সম্ভব মেরামতের কাজ করা হচ্ছে।

এছাড়া বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন <<>> এমপির উদ্বোধনের পরই উধাও সড়কের ইট, চিরকুটে বিএনপির একাধিক নেতার নাম

মানবতার ফ্রি অন্ন-বস্ত্র বিতরণ ক্যাম্পের পক্ষ থেকে ইরফাত হোসেন জানান, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম জেলা শাখার সদস্যরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দুর্গম এলাকায় খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দিতে কাজ করছেন। একই সঙ্গে অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি বিনামূল্যের মেডিকেল টিম গঠন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত মানবিক ও বিত্তবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাতকানিয়ার পাশাপাশি অন্যান্য জেলা ও পৌর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছেও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রতিনিধিরা কাজ করছেন বলেও জানান তিনি।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বন্যাদুর্গত মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষদের উদ্ধার এবং দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেন।

তিনি বলেন, বন্যায় মানুষের পাশাপাশি গবাদিপশুর জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। তাই দ্রুত নিরাপদ আশ্রয় এবং গো-খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ক্ষতিগ্রস্ত এলাকায় মেডিকেল টিম গঠন ও চিকিৎসাসেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এ দুর্যোগে সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়