ছবি: আপন দেশ
বর্তমান বাস্তবতায় পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য সাগরদী জামে মসজিদের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। একই সঙ্গে জুয়া প্রতিরোধেও কঠোর আইন করা হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মানববন্ধনে সভাপতিত্বত করেন বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম। বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।
আরও পড়ুন <<> নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় মাদক সেবন ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
কর্মসূচিতে এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে অপরাধমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































