ছবি: আপন দেশ
যশোর জেলার কেশবপুর উপজেলার ছোট দোরমুটিয়া এলাকায় যাতায়াতের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে এক গৃহবধূ ও তার শিশু সন্তানদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার (২৫ জুন) কেশবপুর নিউজ ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবিনা ইয়াছমিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিনা ইয়াছমিন জানান, প্রতিবেশী মো. জাকারিয়া, খাদিজা বেগম, মর্জিনা বেগম ও তহুরা খাতুন গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এর জেরে প্রায় দেড় মাস আগে অভিযুক্তরা রাস্তার ওপর খুঁটি ও কাঁটা ফেলে তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়।
আরও পড়ুন<<>>বাসায় ঢুকে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা
সাবিনা ইয়াছমিন বলেন, শনিবার (২০ জুন) বিকেলে রাস্তা থেকে কাঁটা সরানোর চেষ্টা করলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। শুধু তাই নয়, আমার কোলের কন্যাসন্তানকে কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলা হয়। এতে তার চোখে মারাত্মক জখম হয়। এমনকি আমার প্রতিবন্ধী ছেলেকেও তারা মারধর করেছে। এসময় হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে।
পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। তবে উপরোক্ত বিষয়ে অভিযুক্ত মো. জাকারিয়া, খাদিজা বেগম, মর্জিনা বেগম ও তহুরা খাতুনদের কাছে জানতে চাইলে তারা কোন বক্তব্য দিতে রাজি হননি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































