Apan Desh | আপন দেশ

মাসহ দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যা, বাবা আহত

মানিকগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৩, ৩১ মে ২০২৬

আপডেট: ১২:৩০, ৩১ মে ২০২৬

মাসহ দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যা, বাবা আহত

ফাইল ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে দেড় বছর বয়সী শিশুসহ মাকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবাও। নিহতরা হলেন গৃহবধূ আমেনা (২৮) ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। আহত ব্যক্তি হলেন আমেনার স্বামী সালাম মোল্লা (৪০)।

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সালাম মোল্লা, তার স্ত্রী আমেনা এবং ছোট ভাই মো. ইউসুফ মোল্লার (৩৫) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সালাম মোল্লা তার ব্যবসার দোকানে চলে যান। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ মোল্লা ধারালো অস্ত্র দিয়ে তার ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন<<>>একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

ঘটনার পর রাতেই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সালাম মোল্লার ওপরও হামলা চালায় ইউসুফ। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত সালামকে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ মোল্লা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়