Apan Desh | আপন দেশ

অপবাদ দিয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ মে ২০২৬

অপবাদ দিয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ

ফাইল ছবি

বগুড়ার ধুনটে কিশোরীকে উত্ত্যক্তের অপবাদ দিয়ে এক মাদ্রাসা ছাত্রকে সিএনজি দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা এবং পরে মাদ্রাসায় ঢুকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রোকন তালুকদার (৩৮) একজন সিএনজি চালক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিচারের নামে দেন-দরবার ও ধামাচাপার চেষ্টা চলছে।

জানা গেছে, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শ্যামবাড়ি দারুল হুদা কওমি মাদ্রাসার আরবি বর্ষের ছাত্রকে শ্যামবাড়ি গ্রামের রইচের ছেলে সিএনজি চালক রোকন তালুকদার প্রেমের সম্পর্কের অপবাদ দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রুদ্রবাড়িয়া ব্রীজের উপর রোকন সিএনজি গাড়ি দিয়ে ওই ছাত্রকে চাপা দেন। এতে ওই ছাত্র মাটিতে পড়ে গেলে তাকে সেখানে মারধর করা হয়। ছাত্রটি গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা পায়। পরবর্তীতে ওই মাদ্রাসায় আসলে সিএনজি চালক রোকন মাদ্রাসায় ঢুকে ওই ছাত্রকে বেদম মারধর করে। 

আরও পড়ুন<<>>ট্রাকের সঙ্গে সংঘর্ষ, তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা এগিয়ে আসলে এক ছাত্রকে মারধর করে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ঘটনাটি গুরুতর হলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে আইনের আশ্রয় না নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চাপ সৃষ্টি করা হচ্ছে। বিচার বৈঠকের নামে বিভিন্ন পক্ষের মধ্যে দেন-দরবারেরও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে ছাত্রকে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে অভিযুক্ত সিএনজি চালকের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়