ছবি: আপন দেশ
বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৭টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ধারণা, এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৭ মে) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বান্দরবান স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান আনসারী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন। পরে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাজারের প্রায় ৪৭টি দোকান ও আশপাশের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আরও পড়ুন <<>> কালো সম্রাটের দাম নির্ধারণ ১২ লাখ টাকা
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
ক্য সিং শৈ মারমা, জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জানান যে বাজারের পেছনের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী বলেন, দুর্গম এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
এর আগে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারিও একই বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গিয়েছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































