ছবি: আপন দেশ
চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার।
রোববার (১৭ মে) বগুড়ার আদমদীঘির সান্তাহারে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১টায় উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগম।
তিনি বলেন, আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে ধান-চাল সংগ্রহ করতে বদ্ধপরিকর। সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান পরীক্ষা করে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যাতে কৃষকদের অধিকার নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।
আরও পড়ুন<<>>শ্রমিকদের ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
এসময় সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১ হাজার ১৯৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে দিতে পারবেন। এছাড়াও চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ১৪ হাজার ৭৬২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম ও এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমূখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































